বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জ সিটির প্রশাসক সাখাওয়াতের ৬০ দিনের কর্মসূচি

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সিটির প্রশাসক সাখাওয়াতের ৬০ দিনের কর্মসূচি

নারায়ণগঞ্জবাসীকে যানজট ও ধুলাবালুমুক্ত নগরী উপহার দিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ৬০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াত হোসেন। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন।


বিজ্ঞাপন


সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা এই শহরেই বসবাস করি, তাই এখানকার রাস্তাঘাটের দুরবস্থা, যানজট ও মশার সমস্যা দ্রুততম সময়ে সমাধান করতে চাই। আমি একে পবিত্র দায়িত্ব হিসেবে নিয়েছি’। 

তিনি জানান, আগামী ৬০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট ও ড্রেনেজ সমস্যার সমাধান করা হবে। বিশেষ করে ধুলাবালু দূর করে শহরকে পরিচ্ছন্ন ও সবুজ আবাস হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

আরও পড়ুন—

নারায়ণগঞ্জের চিরচেনা হকার সমস্যা ও ব্যাটারিচালিত অটোরিকশার বিশৃঙ্খলা দূর করার প্রতিশ্রুতি দিয়ে নবনিযুক্ত প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনসেবাকেই আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। আমি নির্দিষ্ট কোনো দলের নই; দল-মতনির্বিশেষে সবাইকে নিয়ে সুষম উন্নয়নের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।’

এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। সাখাওয়াত হোসেন মহানগর বিএনপির আহ্বায়ক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তিনি আলোচিত সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিত। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন ও পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সরকারের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।

আজ সকালে সাখাওয়াত হোসেন নগর ভবনে পৌঁছালে সিটি করপোরেশনের সচিব কুতুবে আলমসহ কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তৎকালীন মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে সরিয়ে সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। আইভী বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মামলায় কারাবন্দী রয়েছেন। সম্প্রতি সরকার অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর