বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুর সিটির নতুন দায়িত্বে শওকত সরকার, দিলেন নানান প্রতিশ্রুতি

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

গাজীপুর সিটির নতুন দায়িত্বে শওকত সরকার, দিলেন নানান প্রতিশ্রুতি
গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।

গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। গাজীপুর নগর ভবন মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই তিনি নগর উন্নয়নে ও সবুজ বিপ্লবসহ নানা পরিকল্পনা তুলে ধরেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শওকত হোসেন সরকার নগর ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান। এসময় তার সঙ্গে সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় তিনি নগর ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন। পরে তাকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে নব নিয়োগপ্রাপ্ত প্রশাসক সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন।


বিজ্ঞাপন


সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শওকত হোসেন সরকার গাজীপুরকে একটি সবুজ নগরীতে পরিণত করতে ব্যাপক গাছ লাগানোর পরিকল্পনা ছাড়াও অবহিত এলাকাগুলোতে রাস্তা ঘাট নির্মাণ ও মশক নিধনে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী

তিনি বলেন, নাগরিক সেবা যেন গাজীপুর বাসি দ্রুত পান সে বিষয়ে সিটির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। একটি পরিষ্কার পরিচ্ছন্ন গাজীপুর গড়ার জন্য বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। আগামী বর্ষার মধ্যে ব্যাপক বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বিপ্লব গড়ে তোলা হবে। এছাড়া যেসব অঞ্চল এখনো অবহেলিত সেসব এলাকায় রাস্তা ঘাট ও নানামুখী উন্নয়ন করা হবে। মশক নিধনে কার্যকর ভূমিকা পালন করতে নানামুখী উদ্যোগ নেওয়া হবে।

নগরের নতুন প্রশাসক নিয়োগে স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের ভিড় দেখা গেছে নগর ভবনে। এসময় তারা নতুন প্রশাসকের কাছে গাজীপুরকে একটি গ্রিন ও ক্লিন সিটি গড়ার পাশাপাশি নাগরিক সমস্যা সমাধানের দাবি করেন।


বিজ্ঞাপন


গাজীপুর সিটির প্রশাসক হিসেবে শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে নিয়োগের আগে তিনি কাশিমপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

২০১৩ সালে গাজীপুরকে সিটি করপোরেশন ঘোষণার পর প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপির সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নান। এরপর সাবেক মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই গণ অভ্যুত্থানের পর জায়েদা খাতুনকে বহিষ্কার করা হলে প্রশাসক হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমেদকে নিয়োগ দেয় সরকার।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর