নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাদের জামিন দেওয়াকে কেন্দ্র করে বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে হট্টগোলের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতিকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশাল আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। আটক অ্যাডভোকেট সাদিকুর রহমান (লিংকন) বরিশাল জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি।
বিজ্ঞাপন
এর আগে গত মঙ্গলবার বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা এজলাসে ঢুকে চিৎকার-চেঁচামেচি ও আসবাবপত্র ধাক্কাধাক্কি করেন। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুর ২টা ৩৯ মিনিটের দিকে ঘটনার সূত্রপাত।
১ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ একটি মামলার শুনানি করছিলেন। এ সময় হঠাৎ দরজা খুলে একদল আইনজীবী চিৎকার করতে করতে এজলাসে প্রবেশ করেন এবং বেঞ্চগুলো ধাক্কা দিতে থাকেন। একজন আইনজীবী বিচারকের সামনে গিয়ে আঙুল তুলে চিৎকার করেন এবং বিচারকের সামনের বেঞ্চে আঘাত করেন। জানা গেছে, এজলাসে প্রথম প্রবেশ করা ওই আইনজীবী ছিলেন সাদিকুর রহমান লিংকন।
সভাপতিকে আটকের পর বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণের গারদখানা ঘিরে বিক্ষোভ শুরু করেছেন। তারা ঘোষণা দিয়েছেন, সভাপতিকে কোনোভাবেই কারাগারে নিতে দেওয়া হবে না। এ ঘটনার ফলে আদালতের বিচারিক কার্যক্রম বর্তমানে স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত এলাকায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) হাফিজ উদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘আজ আইনজীবী সমিতির সভাপতিকে তার চেয়ার থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। জানতে চাইলে তারা জানান, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তার বিরুদ্ধে মামলা করেছেন। বর্তমানে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।’
বিজ্ঞাপন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম জানান, আদালতের এজলাসে ভাঙচুর ও বিশৃঙ্খলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে এর আগে বিএনপিপন্থী আইনজীবীরা চিফ মেট্রোপলিটন ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন। তারা সংশ্লিষ্ট বিচারক এস এম শরীয়তউল্লাহর অপসারণ ও জামিন বাতিলের দাবি জানিয়ে আদালত চত্বরে বিক্ষোভ করেন।
গত সোমবার আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এস এম শরীয়তউল্লাহ তার জামিন মঞ্জুর করেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ আওয়ামী লীগের আরও তিন নেতাকে জামিন দেওয়া হয়েছিল।
প্রতিনিধি/একেবি

