দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ কোম্পানির এক নারী কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— জামডাঙ্গা গ্রামের আইনুল হক (৫৩) এবং বলিহরপুর গ্রামের রুনা খাতুন (২৩)। রুনা খাতুন প্রাণ কোম্পানির কর্মী ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে আইনুল হকের চার্জার ভ্যানে করে রুনা খাতুনসহ তিনজন কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ভিমপুর এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আইনুল হক ও প্রাণ কোম্পানির কর্মী রুনা খাতুন নিহত হন। এসময় আরও দুইজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/টিবি

