মুন্সিগঞ্জে ট্রেনের ধাক্কায় শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানের (৩৮) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেউটখালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন কৃষি কর্মকর্তা।
বিজ্ঞাপন

নিহতের সহকর্মী সাদ্দাম হোসেন জানান, সকালে নিহত জিয়াউর রহমান উপজেলার একটি খাল খনন কর্মসূচির সাইড পরিদর্শন শেষে নিজ অফিসে ফিরছিলেন। এ সময় পথিমধ্যে কেউটখালী এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রেন পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে ছিটকে পড়েন তিনি।
পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ায় সার্ভিসের সদস্যরা, দ্রুত ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন

ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, নিহত জিয়াউর দীর্ঘ ১৩ বছর ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। সে স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্রীনগরে একটি ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার ছেলের বয়স ১০ বছর এবং মেয়ের বয়স ৫ বছর। মর্মান্তিক এ দুর্ঘটনার পরে আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নিহত উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান। ছবিটি পরিবারের কাছ থেকে সংগৃহীত।
প্রতিনিধি/এসএস

