সরকারের দিকে সাংবাদিকদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুল ধরিয়ে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব। ফ্যাসিস্ট সরকারের সময়কার মত সাংবাদিকরা নুইয়ে যেন না পড়েন। পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে, এক্ষেত্রে সাংবাদিকদের যেকোনো সংকটে পাশে থাকবে জামায়াত।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর অলোকার মোড়ে অনুষ্ঠিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতারা এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এদিন রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সম্মানে দলটি ইফতার মাহফিলের আয়োজন করে। দলটির রাজশাহী মহানগরী শাখা আয়োজন করে এ ইফতারের। জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সিনিয়র নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন— দলটির নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ। জামায়াতের রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসাইনের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, সাংবাদিক প্রাবন্ধিক ডা. নাজিব ওয়াদুদসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জামায়াত নেতারা সাংবাদিকদের সত্যে প্রকাশের আহবান জানান। এছাড়া সাংবাদিকদের সংকটে জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে ঘোষণা দেন দলটির নেতারা।
জামায়াতের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, আমরা সবসময় সাংবাদিকদের পাশে আছি। সুসময় দুঃসময় সবসময় আপনাদের পাশে ছিলাম আছি থাকব। তবে আপানাদের লেখনিতে যেগুলো আসা দরকার, অনেককিছু নেগলেক্ট হচ্ছে, সেভাবে আসছে না। সাংবাদিকদের দায়িত্ব অনেক। সরকারের দিকে আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি কামনা করছি। সরকারের গঠনমূলক সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব। ফ্যাসিস্ট সরকারের সময়কার মত নুইয়ে যেন না পড়ি আমরা।
নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এটি রমজান মাস, এ মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে। আমাদের জীবনে প্রত্যেককে কুরআন মেনে চলতে হবে।
বিজ্ঞাপন
সভাপতির জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সিনিয়র নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেন, বর্তমানে দেশে দেশপ্রেমিক শক্তি সবচেয়ে বড় প্রয়োজন। দেশপ্রেমিকরা যদি সবল হতে না পারে, এগিয়ে না আসতে পারে তাহলে অন্ধকারে চলে যাবে দেশের ভবিষ্যৎ। সাংবাদিকরাও জুলাই যোদ্ধার মত ভূমিকা রেখেছেন। আরও অবদান রাখতে হবে।
সিনিয়র এ আইনজীবী বলেন, ভুল পথে এগিয়ে যাচ্ছে সরকার বা পরিচালিত হচ্ছে। আজ শপথ নেওয়ার সময় এসেছে সাংবাদিকদের, আপনারা কলম ধরবেন যাতে সরকার দেশপ্রেমিক হয়। সরকার বা কেউ ভুল করলে সচেতন করার দায়িত্ব সাংবাদিকদের।
প্রতিনিধি/টিবি

