মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে পরিবহনে চাঁদাবাজি ও বাড়তি ভাড়া বন্ধে মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচরের ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর বাসস্ট্যান্ড ও সূর্যনগর বাসস্ট্যান্ড পরিদর্শন করেন তিনি।
বিজ্ঞাপন
জানা গেছে, শিবচরের সূর্যনগর, পাঁচ্চরসহ এক্সপ্রেসওয়ের একাধিক বাসস্ট্যান্ডে একটি চক্র যাত্রীপ্রতি পরিবহনে চাঁদাবাজি করে আসছে। ফলে পরিবহনে ঢাকাগামী ভাড়ার পরিমাণ বেড়ে যাচ্ছে। এছাড়াও পরিবহণগুলো বাড়তি ভাড়া নেয়ার পাশাপাশি যাত্রীচাপ বৃদ্ধি পেলে ভাড়ার পরিমাণ দ্বিগুণ করে দেয়। ঈদ মৌসুমে যাত্রীদের কাছ থেকে আদায় করে কয়েকগুণ বাড়তি ভাড়া। মহাসড়কে ভাড়ার নৈরাজ্য বন্ধে পাঁচ্চর গোলচত্বর ও সূর্যনগর বাসস্ট্যান্ডে ঝটিকা অভিযান চালান সংসদ সদস্য হানজালা। এসময় যাত্রীরাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন। যাত্রীদের সমস্যা শোনার পাশাপাশি বাসের চালক ও সংশ্লিষ্টদের সাথে এ বিষয়ে আলোচনা করেন তিনি। অবিলম্বে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং বাড়তি ভাড়া আদায় বন্ধে পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক করে দেন।
এ সময় তার ব্যক্তিগত সফরসঙ্গী ছাড়াও শিবচর থানা পুলিশের টিম সাথে ছিল।
জানতে চাইলে সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, এই রুটে যাত্রীদের অভিযোগ ছিল। মাসের পর মাস তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। এই কারণে আজ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ঘুরলাম। এখানে একটি চক্র যাত্রী প্রতি পরিবহন থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করতো। এটা তাৎক্ষণিক বন্ধ করা হয়েছে। আমরা পরিবহন সংশ্লিষ্টদের সাথে বসে ঢাকার বিভিন্ন স্থানের ভাড়ার সঠিক তালিকা তৈরি করে মহাসড়কের স্টপেজে টাঙিয়ে দেবো। যাতে করে যাত্রীরা আর হয়রানির শিকার না হয়। তা ছাড়া ঈদের সময় যেন কোনো রকমের হয়রানির শিকার না হতে হয় এজন্য প্রশাসনসহ আমরা যাত্রীদের পাশে থাকবো।
প্রতিনিধি/ এজে

