নাটোরের সিংড়ায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে একটি বক্স থেকে পিস্তলের ৫০ রাউন্ড গুলি পেয়েছে দুই শিশু। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিগুলো উদ্ধার করেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল উপজেলার কাঁটাপুকুরিয়া এলাকার ওই নদী থেকে গুলি পাওয়া যায়।
বিজ্ঞাপন
জানা গেছে, দুপুরে নাগর নদীতে মাছ ধরতে যায় ওই এলাকার জাহাঙ্গীর আলমের দুই ছেলে মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭)। মাছ ধরার এক পর্যায়ে নদীর মধ্যে একটি নীল রঙের প্লাস্টিকের বক্স দেখতে পায়। বক্সটি নদী থেকে তুলে তারা দুজন বাড়িতে নিয়ে আসে। এরপর বক্সটি খুললে একে একে ৫০ রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করার প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ পাওয়া যায়। শিশুদের মা মরিয়ম বেগম, (৪০) বিষয়টি সিংড়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে বক্সসহ ৫০ রাউন্ড গুলি ও সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিশুদের মা মরিয়ম বেগম জানান, নদীর পানি কমে যাওয়ায় আমার দুই ছেলে মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর তারা মাঝারি আকারের একটি বক্স হাতে নিয়ে বাড়িতে ফিরে আসে। বক্সটি খুললে ভেতরে পিস্তলের গুলি দেখতে পাই। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক থানায় খবর দেই। পরে বক্সসহ গুলিগুলো উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ব ম আব্দুন নূর ঢাকা মেইলে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। তবে গুলিগুলো তাজা কি না তা পরীক্ষার মাধ্যমে জানা যাবে বলে এ কর্মকর্তা জানান।
প্রতিনিধি/এজে

