বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

হিলিতে সবজির দাম কমায় স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

হিলিতে সবজির দাম কমায় স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে যখন সাধারণত নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা থাকে, ঠিক তখনই স্বস্তির খবর পেলেন দিনাজপুরের হিলির ক্রেতারা। বাজারে হঠাৎ করেই কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম।

প্রকারভেদে কোনো কোনো সবজির দাম নেমে এসেছে অর্ধেকে। রবি মৌসুমে উৎপাদন ভালো হওয়া এবং চাহিদার তুলনায় বাজারে সরবরাহ বেশি থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হিলি উপজেলার সবজি বাজার ঘুরে দেখা যায়, মাত্র দুই দিনের ব্যবধানে অধিকাংশ সবজির দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

দুই দিন আগে যে শসা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, তা আজ পাওয়া যাচ্ছে ৩০ টাকায়। একইভাবে ৬০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। ৫০ টাকার লেবু এখন ৩০ টাকা হালি, ৪০ টাকার গাজর ২০ টাকা কেজি, ৪০ টাকার টমেটো ৩০ টাকা কেজি এবং ৪০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

এছাড়া ১২০ টাকার কাঁচামরিচ নেমে এসেছে ৯০ টাকায়, ১৪ টাকার আলু পাওয়া যাচ্ছে ১০ টাকায়, ৪০ টাকার মটরশুঁটি বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে। ২৫ টাকার ফুলকপি মিলছে ১৫ টাকায় এবং ১৫ টাকার বাঁধাকপি ১০ টাকা পিসে বিক্রি হচ্ছে।

তবে মৌসুমের নতুন সবজি করলা কেজি ২০০ টাকা এবং ভারত থেকে আমদানিকৃত সজনে ডাঁটা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।


বিজ্ঞাপন


দাম কমে যাওয়ায় সবচেয়ে বেশি খুশি নিম্ন আয়ের মানুষজন।

বাজারে সবজি কিনতে আসা ভ্যানচালক গোলাম রাব্বানী বলেন, রমজান মাসের শুরুতে সবজির দাম অনেক বেশি ছিল। আজ বাজারে এসে দেখি দাম কমে গেছে, তাই খুব ভালো লাগছে।

আরেক ক্রেতা রিয়াজ বলেন, প্রতি বছর রমজান এলেই কয়েকটি প্রয়োজনীয় সবজির দাম কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু এবার চিত্রটা আলাদা। প্রায় সব সবজির দামই কমেছে, তাই বেশি করে কিনলাম।

সবজি ব্যবসায়ী বিপ্লব জানান, গত দুই দিন ধরেই বাজারে দাম কমতির দিকে। তিনি বলেন, আমরা বিরামপুর, পাঁচবিবি ও আক্কেলপুর এলাকা থেকে পাইকারি দরে সবজি এনে বিক্রি করি। এবার এই অঞ্চলে ফলন ভালো হয়েছে। পাশাপাশি মোকাম ও স্থানীয় বাজারে সবজির আমদানি বেড়েছে। এ কারণেই দাম এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে।

সব মিলিয়ে রমজানের শুরুতেই সবজির দাম কমে আসায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের ঘরে-বাইরে, যা কিছুটা হলেও বাজারের চাপ কমাবে বলে আশা করছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর