কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জালিয়াপালং ইউনিয়নের চেপটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে এক যাত্রী ও সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর চারজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় আহত রাশেদা আক্তার জানান, টেকনাফের শামলাপুর থেকে কারাগারে থাকা স্বামীকে দেখতে কক্সবাজারে যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন। সংঘর্ষে তিনি মাথায় আঘাত পান।
সিএনজি চালক মুন্না বলেন, টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাওয়ার সময় একটি সাদা রঙের মাইক্রোবাস বিপরীত দিক থেকে এসে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ভেতরে থাকা পাঁচ যাত্রী আহত হন।
এ বিষয়ে ইনানি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা দিদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

