কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের জামিন দেওয়ায় বরিশাল চিফ মেট্রোপলিটন ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছে জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনভর এই কর্মসূচির কারণে চরম দুর্ভোগে পড়েন সাধারণ বিচারপ্রার্থীরা।
বিজ্ঞাপন
এসময় আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষুব্ধ আইনজীবীরা। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণ দাবি জানান তারা।
বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাফিজ আহমেদ বাবলু জানান, যেখানে বিস্ফোরক মামলায় মানুষ জনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, বিস্ফোরক মামলার আসামিদের জেলা জজ আদালতে গিয়ে জামিন নিতে হলেও আওয়ামী লীগের নেতারা নিম্ন আদালত থেকেই জামিন পাচ্ছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসে সহজেই জামিন পেয়েছেন। এমন ঘটনা বিচারপ্রার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে।
অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান বাবু, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত পিপি আবুল কালাম আজাদ ইমন ও নুরুল হক দুলাল, এপিপি সাইদ মোর্শেদ মামুন প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান ইউনুস। সোমবার দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এস. এম. শরিয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে ১৮ ফেব্রুয়ারি জামিন পান বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। একইসঙ্গে মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন ও ছাত্রলীগের সাবেক নেতা জসিম উদ্দিনও জামিন লাভ করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

