বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) ভূমিকা এবং গণমাধ্যমের সক্রিয় সম্পৃক্ততা জোরদারের লক্ষ্যে চুয়াডাঙ্গায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের আত্মবিশ্বাস সভাকক্ষে এ সভার আয়োজন করে এডাব চুয়াডাঙ্গা জেলা শাখা।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম। পরিচিতি পর্বের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় এনজিওদের অবদান, মাঠপর্যায়ের কার্যক্রমের চ্যালেঞ্জ এবং উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে একটি ধারণাপত্র উপস্থাপন ও আলোচনা করা হয়।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এনজিওগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এসব কার্যক্রমের প্রকৃত চিত্র, সাফল্য ও সীমাবদ্ধতা জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অপরিহার্য।
অতিথিরা আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এনজিও ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত ও আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলা জরুরি। গণমাধ্যম যেমন উন্নয়ন কার্যক্রমের সাফল্য-ব্যর্থতা তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধি করতে পারে, তেমনি এনজিওগুলোকেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গণমাধ্যমের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।
বক্তারা উল্লেখ করেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে গণমাধ্যমকে সঙ্গে নিয়ে কাজ করতে এডাব বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
সভায় বক্তব্য দেন- আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক ও এডাবের সাবেক সভাপতি আকরামুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব ইলিয়াস হোসেন এবং এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী রেজাউল করীম প্রমুখ।
সমাপনী বক্তব্যে সভাপতি জাহিদুল ইসলাম সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান।
সভায় জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে

