ভোলার তজুমদ্দিনে কীর্তন শুনতে গিয়ে এক সন্তানের জননী এক বাক্প্রতিবন্ধী হিন্দু নারীকে গণধর্ষণের ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন, রাকিব, জুয়েল ও আল-আমিন ওরফে সম্রাট। তারা সবাই তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার পর ভুক্তভোগী ওই নারীর বাবা বাদী হয়ে ৪ জনকে এজাহারনামীয় আসামি এবং ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলার ৩ আসামিকে আটক করে।
এছাড়াও মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গেল রোববার রাত ৯টার দিকে অনিল সাধুর মন্দির থেকে কীর্তন শুনে বাড়ি ফেরার সময় স্থানীয় রাকিব, শাকিল ও রাসেল ওই বাক্প্রতিবন্ধী নারীকে টাকার প্রলোভন দেখিয়ে অটোরিকশায় করে ধোপা বাড়ি সংলগ্ন একটি সুপারি বাগানে এনে জোরপূর্বক চেতনানাশক খাইয়ে অচেতন করে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন। এসময় তাকে শারীরিক নির্যাতনও করেন তারা। পরে ওই নারীর জ্ঞান ফিরলে সে ডাক চিৎকার দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রতিনিধি/এসএস

