পবিত্র রমজান মাসকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়ায় বাজার তদারকি জোরদার করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার গোলার বাজার এলাকায় পরিচালিত সমন্বিত মোবাইল কোর্ট অভিযানে ভেজাল, নিষিদ্ধ উপাদান ব্যবহার ও নানা অনিয়মের দায়ে ৭টি প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযানে ফল, মুদিপণ্য, মাংস ও মিষ্টির দোকানসহ বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় পণ্যের মানহীন সংরক্ষণ, মূল্য তালিকা না টানানো, লাইসেন্স ও নিবন্ধনের ঘাটতিসহ একাধিক অসংগতি ধরা পড়ে। এসব অনিয়মের কারণে ৬টি দোকানকে ২৩ হাজার টাকা দণ্ড করা হয়।
এদিকে বাজারসংলগ্ন সরদার বেকারিতে অভিযান চালিয়ে খাদ্যদ্রব্যে নিষিদ্ধ হাইড্রোজ, টেক্সটাইল ডাই ও অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির কোনো বৈধ নিবন্ধনও ছিল না। গুরুতর এসব অনিয়মের কারণে বেকারি মালিককে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা ক্ষতিকর রং ও কেমিক্যাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটিকে চার মাসের মধ্যে সব ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় নিরাপদ খাদ্য আইনে পরবর্তী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, শরীয়তপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। সার্বিক সহযোগিতা করে র্যাব-৮ এর একটি দল।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ও ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় রমজানজুড়ে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস

