বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রাজশাহীতে দুই বিঘা পানের বরজ পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ এএম

শেয়ার করুন:

রাজশাহীতে দুই বিঘা পানের বরজ পুড়ে ছাই
রাজশাহীতে দুই বিঘা পানের বরজ পুড়ে ছাই

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুটি পানের বরজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই চাষির প্রায় দুই বিঘা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের বাগমারা বিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি বরজের পান পুড়ে ছাই হয়ে গেছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় এলাকার মসজিদে এশার নামাজ শেষে তারাবির নামাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। এ সময় স্থানীয় লোকজনের ‘আগুন আগুন’ চিৎকারে সবাই ছুটে এসে দেখেন পানের বরজে আগুন জ্বলছে। এরপর যে যার মতো করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সঙ্গেু ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় তারা ফিরে যায়। আগুনে উপজেলার রসুলপুর এলাকার নজরুল ইসলামের এক বিঘা ও পারিলা গ্রামের গোলাম নবীর ১৮ কাঠা জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত এই দুই পানচাষির দাবি, আগুনে তাদের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা আগামী ঈদের কেনাকাটা ছাড়াও চৈত্র মাসে ভালো দামের আশায় পানগুলো রেখেছিলেন। কিন্তু চোখের সামনেই তাদের পানগুলো পুড়ে ছাই হয়ে গেল।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের ডিউটিরত ফায়ারকর্মী মোহাম্মদ আলী বলেন, আগুন নিভে যাওয়ার খবর পেয়ে আমরা রাস্তা থেকে ফিরে আসি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এখনো বলা যাচ্ছে না কীভাবে পানের বরজে আগুন লেগেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর