চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রসিকনগর-বহালাবাড়ি মোড় এলাকায় ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে লিয়াকত আলী (৬০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত প্রায় আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশ মাইল গ্রামের মৃত ভাদু মিস্ত্রির ছেলে।
বিজ্ঞাপন
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক রসিকনগর-বহালাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক লিয়াকত আলীর মৃত্যু হয় এবং নসিমনে থাকা অপর একজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এছাড়া ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি সড়ক দুর্ঘটনা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/একেবি

