মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দেবীগঞ্জে ঢাকাগামী বাসের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

দেবীগঞ্জে ঢাকাগামী বাসের ধাক্কায় প্রাণ গেল মা ও মেয়ের

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালকসহ আরও এক মেয়ে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত ব্যক্তিরা হলেন দেবীগঞ্জ পৌর এলাকার পাটোয়ারী পাড়ার মো. আজাদের স্ত্রী মমতা বেগম (৩৭) এবং তার সাত বছর বয়সী মেয়ে মুনতাহা। এ ঘটনায় মমতার অপর যমজ মেয়ে মুবাশ্বিরা ও মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মমতা বেগম তার যমজ দুই মেয়েকে নিয়ে সোনাহার ইউনিয়নে বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন তার ভাগনে মনিরুল ইসলাম। পথিমধ্যে আব্দুলপুর এলাকায় পৌঁছালে ঢাকা অভিমুখে যাওয়া ‘নাদের পরিবহন’-এর একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মমতা ও তার এক মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত মুবাশ্বিরা ও চালক মনিরুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই ঘাতক বাসটি পালানোর চেষ্টা করলে সোনাহার বাজার এলাকায় স্থানীয় জনতা সেটিকে আটক করে পুলিশে সোপর্দ করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান জানান, ঘাতক বাস ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর