বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বান্দরবানে সেনাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি: নিহত ১

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

বান্দরবানে সেনাবাহিনী-সন্ত্রাসী গোলাগুলি: নিহত ১

বান্দরবানে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় এক সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রোয়াংছড়ি উপজেলার মুরুংগো বাজার সংলগ্ন সাইরন ম্রো পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া না গেলেও তার পরনে জলপাই রঙের পোশাক ছিল বলে জানা গেছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে বান্দরবান-রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলাধীন সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে এক সন্ত্রাসী গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, ৮ নম্বর ওয়ার্ডের সাইরন পাড়ায় বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাগুলি হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য পেতে দেরি হচ্ছে।

বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. দিলীপ চৌধুরী জানান, রাত সাড়ে ৮টার দিকে মুরুংগো বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, গোলাগুলির ঘটনায় একজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো দাফতরিকভাবে (অফিসিয়ালি) কিছু জানানো হয়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর