গাইবান্ধায় কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধা পৌর শহরের জুলাই স্মৃতিস্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর ১ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় তারা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘খুনিদের ঠিকানা, সোনার বাংলায় হবে না’; ‘আ.লীগ বাড়িস না, পিঠের চামড়া থাকবে না’ সহ তারা বিভিন্ন স্লোগান দেন।
এ ছাড়া পুলিশে উদ্দেশে তারা স্লোগান দেয়— ‘পুলিশ তুমি পোশাক খোলো, মুজিব কোট গায়ে পড়ো’।
বিক্ষোভ মিছিলের খবর পেয়ে পুলিশ আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় শহরের ডিবি রোডের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন পথচারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মোস্তাকিম জিম বলেন, ৫ অগাস্টের পর গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ-ছাত্রলীগ মিছিল করে। দিনের বেলায় আওয়ামী লীগের অফিসে অবস্থান নিয়ে শহরে মিছিল করে তারা শহীদ মিনারে যায়। পুলিশের উপস্থিতিতে এমন কর্মকাণ্ড করার সাহস পায় কীভাবে?
তিনি আরও বলেন, রাঘব বোয়ালদের আটক না করে চুনো পুঁটিদের গ্রেফতার করছে পুলিশ। তাদের আবার জামিনে ছেড়েও দেওয়া হচ্ছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে।
উক্ত বিক্ষোভ মিছিলে ’২৪-এর ছাত্র আন্দোলনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এফএ




