সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত পরাজিত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর কাদিরগঞ্জ এলাকায় তার অফিসে যান মিনু।
বিজ্ঞাপন
এ সময় পরস্পরে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, আমরা সবাই মিলেমিশে আছি, থাকব। আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান ছিল, আছে, থাকবে। সরকারি দল বিরোধী দল মিলেই দেশের রাজনীতি। রাজশাহীর উন্নয়নের ব্যাপারে আমার কথা যেগুলো ছিল, সেগুলোর সাথে মিনু ভাইয়ের কথা অনেক মিল আছে। আইনশৃঙ্খলা উন্নতি, রেশম গারমেন্টসকে আগানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে। মেডিকেল সেক্টর ডেভেলপ হবে। শিশু হাসপাতাল চালু করতে হবে। তিনি আরও বলেন, আমরা একসাথে কাজ করে যাব।
এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, সবাই মিলে একসাথে রাজশাহী গড়ব। শান্তিপূর্ণ শহর হিসেবে থাকবে। সবাই শান্তশিষ্ট। আমরা একসঙ্গে উন্নয়নকাজ করে যাব। সাক্ষাৎকালে একে অপরকে মিষ্টিমুখ করানো হয়। এ সময় ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
তিনি আরও বলেন, আমাদের সহাবস্থান থাকবে। বিশ্বসেরা শহর হবে রাজশাহী।
সাক্ষাৎকালে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সবাইকে নিয়ে রাজশাহীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মিনু। সাক্ষাৎকালে মিনুর হাতে ইসলামী বই উপহার তুলে দেন প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় বিএনপির বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয় পান। এদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। আসনটিতে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। ভোটকেন্দ্র ছিল ১১৬টি।
এবার মোট ভোট কাস্ট হয় ২ লাখ ৩৫ হাজার ৯১৬ টি। আর বৈধ ভোট বিবেচিত হয় ২ লাখ ৩১ হাজার ৪৪২টি। বাতিল হয় ৪ হাজার ৪৭৪টি ভোট। এ আসনে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৬৩ দশমিক ৮৪ শতাংশ। বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬টি ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পান ১ লাখ ৩৭০ ভোট। এ আসনে প্রার্থী ছিলেন ৬ জন। পরবর্তীতে তারেক রহমানের মন্ত্রিসভায় মিনু ভূমিমন্ত্রীর দায়িত্ব পান।

