বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

তরুণীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি

জেলা প্রতিনিধি, নরসিংদী 
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

তরুণীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২ লাখ টাকা দাবি
অভিযুক্ত আশরাফুল ইসলাম রোহান।

নরসিংদীতে আশরাফুল ইসলাম রোহান (২৪) নামের এক তরুণের বিরুদ্ধে এক তরুণীকে (২২) ধর্ষণের পর গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

অভিযুক্ত আশরাফুল ইসলাম রোহান সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। বর্তমানে তিনি শহরের ঘোড়াদিয়া এলাকায় পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করছেন।


বিজ্ঞাপন


মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রোহানের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। নিজেকে পেশাদার ফটোগ্রাফার হিসেবে পরিচয় দিয়ে তরুণীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন রোহান। এরই ধারাবাহিকতায় গত সোমবার বিকেলে স্থানীয় নাগরিয়াকান্দি সেতু সংলগ্ন ‘গোল্ডেন স্টার পার্কে’ তারা দেখাও করেন।

সেদিন তরুণীর কিছু ছবি তুলে দেন রোহান। পরদিন মঙ্গলবার বিকেলে সেই ছবিগুলো দেওয়ার কথা বলে তরুণীকে নিজের ভাড়া বাসায় ডেকে নেন তিনি। সেখানে ওই তরুণীকে ধর্ষণ করেন এবং গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে তরুণীর কাছে দুই লাখ টাকা দাবি করেন রোহান। টাকা না দিলে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই দিন সন্ধ্যায় তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় গত বুধবার রাতে তরুণী নিজে বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযানে নামে পুলিশ এবং ওই রাতেই রেলস্টেশন এলাকা থেকে অভিযুক্ত রোহানকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে তিনি অপরাধের কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভুক্তভোগী তরুণী নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আমরা প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তিনি আদালতে নিজের দোষ স্বীকার করেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর