রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

হত্যা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

হত্যা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বেলাল হোসেন হত্যার প্রধান আসামি নূর আমিনকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ কাউলতিয়া বাউপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নূর আমিন রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমরসই এলাকার মৃত আনিছুর রহমান ওরফে আমেছ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, নূর আমিন ও বেলাল হোসেনের মধ্যে দীর্ঘ দিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে গত ৩০ জানুয়ারি আনুমানিক দুপুর দেড়টায় বেলাল হোসেন নিজ ভুট্টার ক্ষেত থেকে বাড়ি ফিরছিলেন। পথে কুমরসই দাখিল মাদরাসার পশ্চিম পাশের পাকা রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা নূর আমিন ধারালো ছোরা দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে বেলাল হোসেন গুরুতর আহত হয়ে চিৎকার করতে করতে অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এলে ঘাতক নূর আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই বেলাল হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১ (গাজীপুর) এর একটি যৌথ আভিযানিক দল ১৮ ফেব্রুয়ারি দুপুরে গাজীপুরের দক্ষিণ কাউলতিয়া বাউপাড়া এলাকায় অভিযান চালিয়ে নূর আমিনকে গ্রেফতার করে।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর