বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বরগুনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, এলাকায় চাঞ্চল্য

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ পিএম

শেয়ার করুন:

Barguna map
বরগুনা জেলার ম্যাপ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরগুনা জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বিষয়টি নিয়ে আশঙ্কাও করছেন। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা হচ্ছে।

বরগুনা শহরের শেরেবাংলা সড়কে অবস্থিত ওই কার্যালয়। স্থায়ীয়রা বলছেন, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে কার্যালয়টির ওই অবস্থা দেখতে পান। এখানকার কয়েকজন ব্যবসায়ীও জানিয়েছেন, তারা  ৮ টার দিকে দোকান খুলে এসে পতাকা উত্তোলিত অবস্থায় দেখতে পান। তাদের ধারণা, খুব ভোরে এই কাজ করা হয়েছে।


বিজ্ঞাপন


এদিকে, এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগ নেতা ফাহাদ হাসান তানিম কয়েকজন সহযোগীকে নিয়ে কার্যালয়ে পতাকা ও ছবি টানানোর ঘটনা ঘটান। পরে তিনি নিজই তার ফেসবুক প্রোফাইলে ভিডিওটি পোস্ট করেন বলেও জানা গেছে।

Barguna_awamileage
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরগুনা জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন। ছবি- ভিডিও থেকে নেওয়া

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

‘আমরা প্রশাসনকে জানিয়েছি। একটি নিষিদ্ধ সংগঠনের এভাবে মাথাচাড়া দিয়ে ওঠা কোনোভাবেই কাম্য নয়। আমরা শান্ত বরগুনাকে উত্তপ্ত করতে চাই না’, যোগ করেন তিনি।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম বলেন, ‘গোপনে কার্যালয়ে ছবি টাঙানো ও পতাকা উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বরগুনা জেলা কার্যালয় বন্ধ হয়ে যায়। এরপর এ ধরনের ঘটনা এই প্রথম বলে স্থানীয়রা বলছেন।

তবে এরআগে জাতীয় নির্বাচনের পর বেতাগী উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে একইভাবে ছবি টাঙানোর ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

প্রতিনিধি/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর