বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ভালুকায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল মুরগি ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

শেয়ার করুন:

ভালুকায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল মুরগি ব্যবসায়ীর

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বিকল পিকআপ মেরামতের সময় আরেকটি পিকআপের ধাক্কায় এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভালুকা পৌর এলাকার ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. রিপন মিয়া (৫২)। তিনি গফরগাঁও উপজেলার ধামাইল দেওয়ানবাড়ি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। একই ঘটনায় আরেক মুরগি ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন (৩০) আহত হয়েছেন। তিনি শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের বাসিন্দা। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে একটি মুরগিবাহী পিকআপ বিকল হয়ে পড়ে। গাড়িটি মহাসড়কের পাশে রেখে মেরামতের কাজ চলছিল। এ সময় একই দিক থেকে আসা আরেকটি মুরগিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে বিকল গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিপন মিয়ার মৃত্যু হয় এবং সাদ্দাম হোসেন আহত হন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. ইসতিয়াক আহমেদ জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি পিকআপ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর