কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা থেকে এই মালামাল উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি জানিয়েছে, রোববার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগবেড় নামক স্থানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে টহল দল উক্ত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় প্রায় ৫৯ লাখ ৮০ হাজার ০০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করে।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর। এই সফল অভিযানের জব্দ করা মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

