নির্বাচনের পরেরদিন শুক্রবার মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চলের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ, শিলই ইউনিয়নের শিলই গ্রাম, চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা ও কদমতলী এলাকাসহ মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে পৃথকভাবে বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আহতদের মধ্যে ভিটিহোগলা কান্দি গ্রামের কনক মোল্লা (৪৫), কদমতলী গ্রামের হৃদয় (১৭), সবুজ (৪৫) ও রেনু আক্তার (৩৫), চরআব্দুল্লাহ গ্রমের মো. ফয়সাল (৩৪), শিলই গ্রামের শাহ জামাল (৫৭) ও আনসার উদ্দিন (৬২) এবং চরডুমুরিয়া গ্রামের জামাল মোল্লাকে (৬০) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত জামাল মোল্লা জানান, দুপুর ১২টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের কৃষি জমি থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তিনি অভিযোগ করেন, একই গ্রামের বিএনপি কর্মী সম্রাট ও শাহ আলালের নেতৃত্বে তার ওপরে এ হামলা চালানো হয়।
অন্যদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শিলই ইউনিয়নের শিলই গ্রামে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক শাহ-জামাল ও আনসার উদ্দিনকে সড়কে পেয়ে মারধর করে বিএনপি প্রার্থীর সমর্থকরা।
শিলই ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সভাপতি সেকান্দার বাদশা বলেন, স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকে ভোট দেওয়ার অপরাধে এ হামলা ও মারধর করা হয়েছে।
একই দিন বেলা ১২টার দিকে আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামে প্রতিপক্ষরা আহত ফয়সালকে মারধর করে। একই সময়ে চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি গ্রামে বিএনপি প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালায়।
এতে ৮ জন আহত হন বলে জানিয়েছেন আহত কনক মোল্লা। ঘটনার পর আহতরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এছাড়া একই দিন চরকেওয়ার ইউনিয়নের কদমতলী গ্রামে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হৃদয়, সবুজ ও রেনু আক্তারের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। তিনি বলেন, কথা কাটাকাটির দ্বন্দ্বে নির্বাচন পরবর্তী সময়ে চরাঞ্চলে বিচ্ছিন্ন ভাবে এসব ঘটনা ঘটছে। ইতোমধ্যে কয়েকটি অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেবে। তবে এসব ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/এসএস




