ঝালকাঠি জেলায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন গণনা কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে জেলায় মোট ৫৭ দশমিক ৯০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট গণনার কাজ শুরু হয়। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই গণনা চলছে।
বিজ্ঞাপন
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন জানান, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঝালকাঠির দুটি আসনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ১০ জন এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৮ জন প্রার্থী রয়েছেন।
ঝালকাঠি-১ আসনে প্রার্থীরা হলেন বিএনপির রফিকুল ইসলাম জামাল (ধানের শীষ), জামায়াতে ইসলামীর ড. ফয়জুল হক (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের ইব্রাহিম আল হাদি (হাতপাখা), স্বতন্ত্র এম মঈন আলম ফিরোজী (হাঁস), স্বতন্ত্র মো. সাব্বির আহমেদ (মোরগ), জনতার দল জসীম উদ্দিন তালুকদার (কলম), জাতীয় পার্টির মো. কামরুজ্জামান খান (লাঙ্গল), জাতীয় পার্টি-জেপির রুবেল হাওলাদার (বাইসাইকেল), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সোহরাব হোসেন (তারা) ও গণঅধিকার পরিষদের শাহাদৎ হোসেন (ট্রাক)।
ঝালকাঠি-২ আসনের প্রার্থীরা হলেন বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ধানের শীষ), জামায়াতে ইসলামীর এস এম নেয়ামুল করিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী (হাতপাখা), স্বতন্ত্র সৈয়দ রাজ্জাক আলী সেলিম (মোটরসাইকেল), গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর (ট্রাক), স্বতন্ত্র নূরুদ্দীন সরদার (কলস), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির ফোরকান হোসেন (আম) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মাসুদ পারভেজ (তারা)।
ঝালকাঠি-১ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯০টি, যার মধ্যে রাজাপুরে ৫০টি ও কাঁঠালিয়াতে ৪০টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন, মহিলা ভোটার ১ লাখ ১২ হাজার ১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। অন্যদিকে, ঝালকাঠি-২ আসনে মোট ১৪৭টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে সদরে ৭৭টি ও নলছিটিতে ৭০টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪৫০ জন, নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯৪৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

