বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলটির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তর করা হবে। একই সঙ্গে শ্যামনগর সরকারি মহসিন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট বিদ্যালয় মাঠে সাতক্ষীরা–৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের পক্ষে আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, একবার আমাদের সুযোগ দিন, দেখবেন এই অঞ্চলের উন্নয়ন কীভাবে বদলে যায়। শুধু সাতক্ষীরা নয়, সারাদেশের মানুষ এখানে উন্নয়ন দেখতে আসবে। তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিলে পরিবারপ্রধান নারীরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা পাবেন এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।
তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন ও সুপেয় পানিসহ সব খাতে উন্নয়নের ছোঁয়া লাগবে। শ্যামনগরের উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
সাতক্ষীরা–৪ আসনের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খাঁন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় ড. মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচিত হলে শ্যামনগর মহসিন ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। উপকূলসংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের শিল্পকারখানা স্থাপন করে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করে জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি শ্যামনগরকে একটি পরিকল্পিত পর্যটন এলাকায় পরিণত করা হবে। নির্বাচনের পর ভিন্ন মতাদর্শের মানুষের ওপর কোনো ধরনের হয়রানি করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।
জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরআর




