গাজীপুর-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণাকালে টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে নেতাকর্মীসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী মাজার বস্তি এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিকট শব্দের এই বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-২ আসনের নির্বাচনী প্রচারণার সমাপনী কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক টঙ্গী এলাকায় জড়ো হন। মিছিলটি বর্ণাঢ্য করতে বেলুন ফোলানোর প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাশে থাকা শ্রমিক, নেতাকর্মী ও সমর্থকরা দগ্ধ হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিসা শারমিন জানান, দগ্ধ অনেকের অবস্থাই গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার জানান, গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এ সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/একেবি

