শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর গণমিছিলে জনস্রোত

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর গণমিছিলে জনস্রোত

রাজবাড়ী-১ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের আয়োজনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলে জোট সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে এক বিশাল জনস্রোত তৈরি হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়পুল শ্রীপুর জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।


বিজ্ঞাপন


পৌর জামায়াতে ইসলামীর আমির ডা. মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনে জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা আমির আক্তারুজ্জামান, জেলা জামায়াতের নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি মো. আলিমুজ্জামান, বায়তুল মাল সম্পাদক মো. ফেরদৌসুর রহমান, সদর উপজেলা ভারপ্রাপ্ত আমির হেলাল উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মোবারক হোসেন এবং এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাঈদুজ্জামান সাকিব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম বলেন, ‘আমরা জানি, আগামী ১২ তারিখের নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন। এটি ১৮ কোটি মানুষের মুক্তি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই একটি মানবিক ও নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ হবে। সারা দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে জনসাধারণের মাঝে জাগরণ তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাজবাড়ী-১ আসনের কৃষক, শ্রমিক, ছাত্র ও নারী-পুরুষ নির্বিশেষে সকল পেশার মানুষ আজ দুর্নীতি, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেগে উঠেছে। মানুষ আজ নেতৃত্ব পরিবর্তন করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, সকল রক্তচক্ষু উপেক্ষা করে আগামী ১২ তারিখ আমরা বিজয়ী হয়ে আসব।’


বিজ্ঞাপন


বিরোধীদের সমালোচনা করে তিনি বলেন, ‘যখন আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, তখন কিছু মানুষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা নিজেরা ধর্ম পালন করে না, অথচ ধর্ম ও রাষ্ট্রকে আলাদা করার কথা বলে নারীদের বিভ্রান্ত করছে। এসব মিথ্যাচার দিয়ে জনগণকে আর বোকা বানানো যাবে না। যারা পুনরায় ক্ষমতায় এসে লুটপাটের স্বপ্ন দেখছেন, রাজবাড়ী-১ আসনের জনগণ তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়ে দাঁড়িপাল্লাকে জয়ী করবে।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর