রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

একটি দল হতাশাগ্রস্ত হয়ে আবোল তাবোল বলছে: বাবর

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

একটি দল হতাশাগ্রস্ত হয়ে আবোল তাবোল বলছে: বাবর
বক্তব্য দিচ্ছেন লুৎফুজ্জামান বাবর।

নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, একটি দল হতাশাগ্রস্ত হয়ে আবোল-তাবোল কথা বলছে। যা খুশি করছে। হতাশাগ্রস্ত হয়ে মানুষ যা করে, তারা তা-ই করছে। কোনো সময় শুয়ে পড়ছে, কোনো সময় কী কথা বলছে, তার কোনো ঠিক নেই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার মদন উপজেলার দেওয়ান বাজার মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


লুৎফুজ্জামান বাবর বলেন, একজন মুরুব্বি মানুষ হতাশায় পড়ে এখন যা খুশি তা করছেন, নারীদের নিয়ে যা খুশি তা বলছেন। যখন যেখানে খুশি শুয়ে পড়ছেন। আমি মনে করি, হতাশাগ্রস্ত হয়েই তিনি এগুলো করছেন।

বাবর বলেন, স্বাধীনতাকে আমি ভুলতে পারব না, তেমনি ২০২৪ জুলাইকেও ভুলতে পারব না। একাত্তর, একাত্তরই, চব্বিশ, চব্বিশই। একাত্তর-এর মাধ্যমে আমরা পরিচিতি লাভ করেছি, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তবে একাত্তরের সঙ্গে কোনো তুলনা করা যাবে না।

তিনি আরও বলেন, আমরা গর্ব করে বলতে পারি আমাদের একটি লাল সবুজের পতাকা আছে। দয়া করে চব্বিশ আর একাত্তর নিয়ে রাজনীতি করবেন না। আমার নেতা ১৭ বছর নির্বাসনে ছিলেন। সেখানে তিনি এমনি বসে থাকেননি, উনার একটা প্লান আছে। তিনি সেই প্লান বাস্তবায়ন করবেন, যদি আমরা সবগুলো আসন তাকে উপহার দিয়ে ক্ষমতায় আনতে পারি।

আরও পড়ুন

এবারের নির্বাচনে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে: আমীর খসরু

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের নেতা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ব্যবস্থা করবেন। আর এসব শুনে একটি দলের নতুন নাটক শুরু হয়েছে। শুয়ে পড়েন, যা ইচ্ছা তাই করছেন। প্রায় সময় অবোল তাবোল কথা বলা শুরু করেছেন। এসব বলে কাজ হবে না। এই দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা জরুরি। আমরা দক্ষ নাগরিক গড়ে তুলবো। দেশের অর্থনীতিকে চাঙ্গা করে অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনবো। যুবকদের বিদেশে পাঠানোর মাধ্যমে সবাইকে স্বয়ংসম্পূর্ণ করা হবে।

নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করেছেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার। মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান, জেলার সাবেক যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, পৌর সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, মদন উপজেলার সিনিয়র সহ সভাপতি আবু তাহের আজাদ, সহ সভাপতি সাইদুর রহমান সম্রাট, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মির্জা রমজান আলী, যুগ্ম আহ্বায়ক সাইফ আহমেদ শেকুল প্রমুখ। 

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর