নড়াইলের লোহাগড়া উপজেলায় গাছ থেকে পড়ে গিয়ে মো. বিল্লাল ফকির (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত তাজেল ফকিরের ছেলে এবং পেশায় গাছ কাটা শ্রমিক।
বিজ্ঞাপন
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গাছ ব্যবসায়ী আজাহারের কেনা গাছ কাটতে ইতনা গ্রামের রেজাউল সরদারের বাড়িতে যান বিল্লালসহ অন্য শ্রমিকেরা। পরে বিল্লাল মেহেগনি গাছে উঠে ডাল কাটতে গিয়ে অসাবধানবসত গাছে থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

