বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে জিয়া পরিষদ দেশব্যাপী কাজ করে যাচ্ছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে ধানের শীষের প্রচারণা, জেলা জিয়া পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
বিজ্ঞাপন
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে এবং সরকার গঠন করবে। দেশের মানুষের উন্নয়নের মাইলফলক ঘটবে। দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ একটি দিনের জন্য অপেক্ষায় আছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ বিপুল ভোটে ধানের শীষকে বিজয় করবে ইনশা আল্লাহ।
দুলু আরও বলেন, মানবিক বাংলাদেশ গড়তে জিয়া পরিষদ দেশব্যাপী কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে দেশের উন্নয়নে বিএনপি কাজ করছে। ধানের শীষকে বিজয় করতে সমাজের শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আপনারা সমাজ গড়ার কারিগর। আপনাদের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। সেজন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের জন্য কাজ করতে হবে।
নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি আহমদুল হক চৌধুরি স্বপনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। এছাড়াও জিয়া পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এসময় শিক্ষকরা নির্বাচনি প্রচারণার নানা বিষয় তুলে ধরেন।
প্রতিনিধি/এসএস

