শরীয়তপুরের জাজিরা উপজেলায় জঙ্গল থেকে ১৭টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকার একটি জঙ্গল থেকে বোমাগুলো উদ্ধার করে যৌথ বাহিনী।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের দিকে মুলাই বেপারী কান্দি এলাকার সিদম বেপারী নামের এক ব্যক্তির বাড়ির পেছনের জঙ্গলে সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। কাছে গিয়ে বালতিভর্তি হাতবোমা দেখতে পেয়ে তারা দ্রুত বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। পরে জঙ্গল থেকে দুটি বালতিতে রাখা মোট ১৭টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
এ খবরে আশপাশের এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। সম্ভাব্য নাশকতার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম বলেন, খবর পাওয়ার পর যৌথ বাহিনীর অভিযানে ১৭টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত হাতবোমাগুলো কী উদ্দেশে সেখানে রাখা হয়েছিল এবং এর পেছনে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওই এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
এএইচ

