পাবনা-২ সংসদীয় আসনের সুজানগরে জামায়াতে ইসলামীর নারী কর্মীসহ নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় দুই নারী কর্মীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া সুজানগর পৌর এলাকার চর সুজানগর এবং আহমদপুরের সৈয়দপুরেও জামায়াত কর্মীদের প্রচারণায় বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রায়পুর মাঝপাড়া এবং আহমদপুর ইউনিয়নের সৈয়দপুরে এসব ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ আমিনুল ইসলাম শিমুল, ওলামা বিভাগের পৌর সভাপতি মাওলানা ইনামুল হক এবং জামায়াতের নারী কর্মী মার্জিয়া খাতুন ও ফিরোজা বেগম।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা রফিকুল ইসলামের বাড়িতে জামায়াতের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণার জন্য সমবেত হন। এ সময় হুমায়ূন, সুমন, সেলিম ও বন্দের মোল্লাসহ স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মী প্রথমে নারী কর্মীদের বাধা দেন। নারী কর্মীদের মারধর শুরু করলে পাশে থাকা পুরুষ কর্মীরা তাদের বাঁচাতে এগিয়ে যান। এ সময় তাদের ওপরও হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে গুরুতর ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময়ে সুজানগর পৌর এলাকার চর সুজানগরে নারী কর্মীদের বাধা দেওয়া হয় এবং আহমদপুর ইউনিয়নের সৈয়দপুরে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
এসব ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামীর নারী কর্মীরা। মিছিলটি ভবানিপুর পশ্চিম পাড়া থেকে শুরু হয়ে সুজানগর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
এ বিষয়ে পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর রাশেদুজ্জামান জানান, ‘আজ সুজানগরে তিনটি অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছি। আমরা স্বপ্রণোদিত হয়েই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে, পাবনা-২ আসনের বিএনপি প্রার্থী সেলিম রেজা হাবিব বলেন, ‘এসব কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বলেছি, যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য।’
প্রতিনিধি/একেবি

