নানি তৈয়বা মজুমদারের জেলা দিনাজপুরের বিরামপুরে জনসভা করতে এসেছেন নাতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর তার আগমনকে ঘিরে বিরামপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টারটি দিনাজপুরের বিরামপুরে অবতরণ করে।
বিজ্ঞাপন
সেখান থেকে তিনি সরাসরি বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভাস্থলে পৌঁছান।
এর আগে দুপুরে নীলফামারীতে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
ইতোমধ্যে বিরামপুর সরকারি কলেজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সকাল থেকেই জেলার ১৩টি উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
তারেক রহমান জনসভাস্থলে পৌঁছামাত্রই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। করতালি ও উচ্ছ্বাসে ভরে ওঠে সমাবেশস্থল, যা মুহূর্তেই রূপ নেয় এক প্রাণবন্ত রাজনৈতিক উৎসবে।
দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিরামপুর সফর আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই সফর উপলক্ষে দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনের বিএনপির সবস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাকে সংবর্ধনা জানাবেন। এই সফরের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি/এসএস

