খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের রেলওয়ে হাসপাতাল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবুল মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বাবুল মোল্লা সদর থানাধীন নিক্সন মার্কেট এলাকার মৃত লালচান মোল্লার ছেলে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পানি ছিটানো নিয়ে গামার পরিবারের এক সদস্যের সঙ্গে বাবুল মোল্লার পরিবারের ছোটদের কথা কাটাকাটি হয়। বিষয়টি তখন সাময়িকভাবে মীমাংসা হলেও রাতের দিকে তা ভয়াবহ রূপ নেয়।
রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের কয়েকজন সংঘবদ্ধ হয়ে বাবুল মোল্লার ওপর হামলা চালায়। তারা তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার বড় বাজার ফাঁড়ি ইনচার্জ জামাল উদ্দিন জানান, বিকেলে পানি ছিটানো নিয়ে বস্তির একটি পরিবারের সঙ্গে বাবুল মোল্লার পরিবারের সদস্যদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তা বড়দের ঝগড়ায় রূপ নেয়। এরই জের ধরে রাতে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে বাবুল মোল্লাকে মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/একেবি

