বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘আমরা চাই অতীতে যা হয়েছে তা পেছনে ফেলে নতুন এক বাংলাদেশ গড়তে। যে মানচিত্রে আমরা বসবাস করছি, সেই মানচিত্র বদলাবে না; তবে তার বৈশিষ্ট্য বা স্বভাব বদলে যাবে। আমরা আর চাই না শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে কাউকে দমন-পীড়নের শিকার হতে হোক, গুম বা খুন করা হোক, ‘আয়নাঘরে’ পাঠানো হোক কিংবা মিথ্যা মামলায় নাজেহাল করা হোক। এমন বাংলাদেশ আমরা আর চাই না।’’
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়াম মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি উপজেলা) আসনে জামায়াত মনোনীত ও ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. ইলিয়াস মোল্লার সমর্থনে এ সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি কোনো দলীয় সরকার, পরিবারতান্ত্রিক বা গোষ্ঠীতান্ত্রিক সরকার চাই না। আমি চাই জনগণের সরকার ও ঐক্যবদ্ধ বাংলাদেশ। ধর্ম, বর্ণ বা জাতিভেদে বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দেব না, ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে সকল ধর্মের ও বর্ণের মানুষের অংশগ্রহণে একটি ফুলের বাগানের মতো সাজাব।’
তিনি আরও বলেন, ‘একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আগামী ১২ তারিখ (নির্বাচন) আমাদের মুক্তির হাতছানি দিচ্ছে। গত ৫৪ বছরে যারা রাজনীতি করেছেন, আমরা তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছি না। তারা তাদের যোগ্যতা অনুযায়ী যা দিয়েছেন বা দিতে পারেননি, তার সাক্ষী এ দেশের ১৮ কোটি মানুষ।’
ভোটের নিরাপত্তা নিয়ে তিনি সতর্ক করে বলেন, ‘‘ভোট চুরির অপতৎপরতা রুখে দিতে হবে। ‘আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব’ সেই স্লোগান এখন শেষ। এখন স্লোগান হবে ‘আমার ভোট আমিই দেব’। জনগণের ভোটের ওপর যারা হস্তক্ষেপ করবে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’’
সংখ্যালঘু ও বিচারব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে সংখ্যালঘু ভাই-বোনদের ওপর নির্যাতন করা হয় কিংবা বিচার অর্থের বিনিময়ে বিক্রি হয়। যেখানে কেবল অর্থ বা পেশ পেশীশক্তির জোরে বিচার পাওয়া যায়, সেই বৈষম্যমূলক ব্যবস্থা আমরা বদলে দিতে চাই।’
বিজ্ঞাপন
দুর্নীতি ও শিক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াতের আমীর বলেন, ‘আমাদের দেশে একটি অদ্ভুত সংস্কৃতি গড়ে উঠেছে নেতা হওয়ার আগে সম্পদ থাকে না, কিন্তু নির্বাচিত হওয়ার পরই লাফিয়ে লাফিয়ে সম্পদ বাড়তে থাকে। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে কেবল দরিদ্র ঘরে জন্ম নেওয়ার কারণে একটি শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে।’
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান প্রার্থী ডা. ইলিয়াস মোল্লার হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক তুলে দিয়ে তার পক্ষে ভোট চান। এরপর তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত অপর এক সভায় বক্তব্য রাখেন।
প্রতিনিধি/একেবি

