আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে তা কেবল দলের নয়, বরং সাধারণ মানুষের বিজয় হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘আগামী সরকার হবে জনগণের সরকার। বিএনপির নির্বাচনী ইশতেহারে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য যে কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে, সরকার গঠন করলে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে গণসংযোগ এবং আরবপুর ইউনিয়নে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অমিত বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি দীর্ঘ দেড় যুগের প্রতীক্ষিত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতে আমাদের ভোট চুরি ও ছিনতাই হয়েছে। এবার যাতে কোনো ভোট চোর বা ডাকাত পুনরায় আবির্ভূত হতে না পারে, সেজন্য সকাল থেকেই নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারা দেবেন।’
তিনি আরও বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনিক শূন্যতার মাঝে যেভাবে বিএনপি নেতাকর্মীরা মানুষের জানমাল ও ঘরবাড়ি রক্ষা করেছেন, ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারি ভোটের আমানত রক্ষা করা হবে।
বিগত সরকারগুলোর সমালোচনা করে অমিত বলেন, ‘২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে জনগণের ভোট ছাড়াই যারা প্রতিনিধি হয়েছিলেন, তারা এলাকার কোনো উন্নয়ন করেননি। আমার পিতা তরিকুল ইসলামকে আপনারা যখনই সুযোগ দিয়েছেন, তিনি রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন। তিনি এ এলাকায় একটি বিশেষায়িত হিমাগার নির্মাণের স্বপ্ন দেখতেন; আমি নির্বাচিত হলে সেই স্বপ্ন বাস্তবায়ন করব।’
দলের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ভোটাধিকার আদায়ের লড়াইয়ে বিএনপির সাত শতাধিক নেতাকর্মী গুম ও সাড়ে পাঁচ হাজারের বেশি নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন। প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় বছরের পর বছর আদালতের বারান্দায় কাটাতে হয়েছে। ব্যালটের মাধ্যমে এসব জুলুমের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিন সকালে অমিত হৈবতপুর ইউনিয়নের মথুরাপুর, কাউদিয়া, ভোগলপুর, ললিতাদাহ ও ছোট হৈবতপুর এলাকায় গণসংযোগ করেন। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুজা, প্রাক্তন শিক্ষক শামসুর রহমান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি এবং সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম।
বিকালে আরবপুর ইউনিয়নের মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম। এতে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, কাজী আজমসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।
প্রতিনিধি/একেবি




