জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘অতীতের ১২টি নির্বাচনের মূল বৈশিষ্ট্য ছিল কেবল ক্ষমতার পালাবদল। বিগত সরকারগুলো ক্ষমতায় বসে দুর্নীতিতে নিমজ্জিত ছিল; আর আজ দুর্নীতি বাংলাদেশের এক নম্বর সমস্যায় পরিণত হয়েছে। তাই এবারের নির্বাচন হচ্ছে দুর্নীতি প্রতিরোধের নির্বাচন। এই নির্বাচন জুলুমতন্ত্র ও চাঁদাবাজদের হাত থেকে বাঁচার নির্বাচন। একটি বিশেষ দল নতুন করে জালিম হয়ে উঠছে।’
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে দেশে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচিত হবে। ‘নতুন বাংলাদেশে’ প্রতিটি নাগরিক স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. জাফর আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীমের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান; চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান ও সেক্রেটারি মু. বেলাল হোসাইন; সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ও মো. আবুল খায়ের; বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, এমদাদুল হক শাহী ও রুহুল আমিন; এনসিপি’র গণভোট প্রচারণার অ্যাম্বাসেডর আবু সুফিয়ান রায়হান; উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল; পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম; এনসিপি’র চৌদ্দগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার;
ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা; মুন্সীরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন; শহীদ জামশেদুর রহমানের চাচা আইয়ুব মিয়াজী এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ডা. মিহির চন্দ্রনাথ লিটন প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, ব্যবসায়ী দেলোয়ার হোসেন মোল্লা, বাহাদুর হোসাইন ও জামায়াত নেতা কপিল উদ্দিন মোল্লাসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
প্রতিনিধি/একেবি

