যশোর-৩ (সদর) আসনকে মাদকমুক্ত করা এবং উন্নত নাগরিক সুবিধা নিশ্চিতের অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে গণসংযোগকালে তিনি ভোটারদের অধিকার রক্ষায় আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
বিসিক শিল্প এলাকার এক পথসভায় অমিত বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে সাধারণ মানুষের ভোটের প্রয়োজন না হলেও, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও দীর্ঘ ত্যাগের বিনিময়ে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে প্রতিটি ভোটারকে কেন্দ্রে গিয়ে রায় দিতে হবে।’
স্থানীয় জনদুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বিসিক শিল্পনগরীসহ পুরো এলাকায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট সংস্কার ও আধুনিক পরিবেশ নিশ্চিত করা তার অগ্রাধিকার হবে।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ ঘোষণা করে বিএনপি প্রার্থী বলেন, ‘মাদকের ছোবলে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গেছে। নির্বাচিত হলে এই অঞ্চলকে পুরোপুরি মাদকমুক্ত করা হবে। মাদক বা সন্ত্রাসের সাথে আমার পরিবারের সদস্য বা দলের শীর্ষ কোনো নেতা জড়িত থাকলেও আমি আপস করব না।’
স্বাস্থ্য খাতের উন্নয়নে ৫শ শয্যার একটি পৃথক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, দেশজুড়ে আইনশৃঙ্খলা সংকটের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মন্দির-মসজিদ পাহারা দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
উক্ত পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি

