শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বাকৃবি মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

বাকৃবি মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।


বিজ্ঞাপন


উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও আত্মবিশ্বাস গড়ে ওঠে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক এবং কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান, সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. জহিরুল আলম এবং ডেপুটি রেজিস্ট্রার ও এস্টেট অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ হাবিব মোহাম্মদ সাইফুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসরাত আইরিন ও আফরোজা বেগম ইতি।

দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


বিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ভিসি তাঁর বক্তব্যে বলেন, ‘শিশুদের পূর্ণাঙ্গ বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি উন্মুক্ত পরিবেশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ড তাদের মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সর্বদা গুরুত্ব দিয়ে আসছে। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর