বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ঢাকা

শুক্রবার বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভা করবেন জামায়াত আমির

জেলা প্রতিনিধি, বরিশাল ও ফরিদপুর
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

শুক্রবার বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী জনসভা করবেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বরিশাল ও ফরিদপুরে পৃথক তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান। দিনভর এই ব্যস্ত কর্মসূচিতে তিনি দেশ ও জাতির চলমান সংকট নিরসন এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

বরিশালের মেহেন্দিগঞ্জে সকালের জনসভা
শুক্রবার দিনের শুরুতে ডা. শফিকুর রহমান বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপজেলার সরকারি পাতারহাট আরসি কলেজ মাঠে বেলা ১১টায় এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


বিজ্ঞাপন


জনসভা সফল করতে ইতোমধ্যে শৃঙ্খলা, আবাসন ও পরিবহনসহ একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেন, ‘দীর্ঘ বছর পর মানুষ নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছেন। এই জনসভা সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটাবে।’

বিকেলে ও সন্ধ্যায় ফরিদপুরে দুই সমাবেশ
বরিশালের কর্মসূচি শেষ করে জামায়াত আমির নড়াইল হয়ে ফরিদপুরে পৌঁছাবেন। ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন জানান, সেখানে ডা. শফিকুর রহমান দুটি বড় জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন:

  • বিকেল ৪:৩০ মিনিট: ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলা স্টেডিয়াম মাঠ।
  • সন্ধ্যা ৬:৩০ মিনিট: ফরিদপুর সদরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ।

বোয়ালমারী পৌরসভার জামায়াত সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী জানান, বোয়ালমারীতে আমিরে জামায়াতের এটিই প্রথম আগমন, যা নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। জনসভাগুলোতে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।


বিজ্ঞাপন


উভয় জেলাতেই জনসভাকে কেন্দ্র করে মঞ্চ তৈরি ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে তৎপর রয়েছে। দলীয় সূত্রমতে, এই সফরগুলো নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে এবং বিপুল জনসমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর