আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে নাটকীয় মোড় নিয়েছে স্থানীয় রাজনীতি। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়ায়, দলটি এখন তাদের সমর্থন দিয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে। এর ফলে জামায়াত জোট সমর্থিত এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী এই সমর্থনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেন্দ্রীয় নির্দেশনায় তারা এখন ‘ট্রাক’ প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে কাজ করবেন।
বিজ্ঞাপন
তারেক মুন্সী বলেন, ‘যেহেতু এই আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই, তাই দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছি। আমরা দেবীদ্বারের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ট্রাক প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
নির্বাচন কমিশন ও আদালত সূত্রে জানা গেছে, ঋণ খেলাপি বা আইনি জটিলতার কারণে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল হয় এবং পরবর্তীতে উচ্চ আদালতেও তার আপিল খারিজ হয়ে যায়। এতে এই আসনে বিএনপির কোনো নিজস্ব প্রার্থী না থাকায় মাঠপর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ও গণ অধিকার পরিষদের এই নতুন সমীকরণ জামায়াত সমর্থিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর জন্য বড় চাপের কারণ হতে পারে। স্থানীয় বিএনপি সমর্থক আলী আহাম্মদ বলেন, ‘বিএনপির সব পক্ষ যদি এক হয়ে মাঠে নামে, তবে ভোটের ফলাফল বদলে যেতে পারে।’
তবে স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং বেলজিয়াম বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান লিটনের মতো নেতারা এই সিদ্ধান্তকে কীভাবে নিচ্ছেন এবং তারা জসিম উদ্দিনের পক্ষে সক্রিয় হবেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনের ফলাফল এখন অনেকখানি নির্ভর করছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসন ও ঐক্যবদ্ধ প্রচারণার ওপর।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

