শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নির্বাচনের দিন চলবে বাড়তি মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

কাল থেকে মেট্রোরেলের টিকিটে বসছে ভ্যাট?

ভোটের দিন যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাড়তি মেট্রো ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভোটারদের ভোটাধিকার প্রয়োগ সহজ করতে সরকার ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হয়ে টানা চার দিনের ছুটি মিলছে। এই সময়ে রাজধানীতে মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ছুটির দিনগুলোতেও মেট্রো ট্রেন স্বাভাবিক সূচি অনুযায়ী চলবে। ভোটের দিন যাত্রী চাপ বিবেচনায় অতিরিক্ত ট্রেন চালানো হবে। এতে যাত্রীদের কোনো ভোগান্তি হবে না।


বিজ্ঞাপন


ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোট উপলক্ষে ছুটির দিনগুলোতেও কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। তবে নিরাপত্তার কারণে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে কাছে অবস্থিত, সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অন্য গেটগুলো যাত্রীদের জন্য খোলা থাকবে।

নির্বাচনকালীন সময়ে মেট্রো ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব ইউনিটে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ছাড়া) বাতিল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ২ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়া মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে এ নিষেধাজ্ঞার ক্ষেত্রে কিছু শিথিলতা রাখা হয়েছে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর