গণভোট নিয়ে রংপুরে ‘হ্যাঁ মার্চ’ উপলক্ষে নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে প্রচারণা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে গণভোটের প্রচারণা ভ্যানে ‘হ্যাঁ’ এর পক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। এরপর একটি প্রচারণা র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ ও মুখ্য সমন্বয়ক আসিফ আল ইসলাম বলেন, দেশব্যাপী ‘হ্যাঁ মার্চ’ এর অংশ হিসেবে রংপুরে প্রচারণা করা হচ্ছে। একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক দেশ গঠনে ‘হ্যাঁ’কে জয়ী করতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখনও নানা মহল ষড়যন্ত্র করে চলেছে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ করার অপচেষ্টা করা হচ্ছে। সমস্ত অপচেষ্টাকে রুখে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগিয়ে যাবে ‘হ্যাঁ’ এর পক্ষে।
বৈষম্যবিরোধী অন্যান্য নেতারা বলেন, গণভোটে সচেতনতা বৃদ্ধির জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তেমন প্রচারণা দেখা যাচ্ছে না। তারা গণভোটকে গুরুত্ব দিচ্ছে না। ক্ষমতার নেশায় অপসংস্কৃতিতে মেতে উঠেছে। আমরা বলে দিতে চাই, সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতির রাজনীতিতে ফিরে আসুন। না হলে দেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে। গণভোটে ‘হ্যাঁ’ এর বিরুদ্ধে অবস্থান নিলে খুনি হাসিনা পালিয়ে গেলেও আপনারা পালাতে পারবেন না।
বিজ্ঞাপন
এর আগে, দুপুরে শহীদ আবু সাঈদ ও শহীদ সোহাগের কবর জিয়ারত ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করে খোঁজখবর নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।
প্রতিনিধি/এসএস

