আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মসূচিতে দলটির রেকর্ডসংখ্যক নারী কর্মী অংশগ্রহণ করবেন। জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে ১১ দল।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঐতিহাসিক মাদরাসা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে ১১ দলের স্থানীয় নেতারা এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতৃবৃন্দ জানান, জনসভার যাবতীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। মাঠের মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং প্রচার-প্রচারণার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামীকাল বুধবারের মধ্যেই জনসভার সব কারিগরি ও আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন হবে। জনসভাকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে নেতারা জনসভার বিশালত্বের ওপর জোর দিয়ে বলেন, এবারের নির্বাচনি জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের রেকর্ডসংখ্যক উপস্থিতি থাকবে।
তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করবে যে দেশের মানুষ ১১ দলীয় জোটের নীতি ও আদর্শের ওপর আস্থাশীল। জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে জোটের পক্ষ থেকে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আমরা রাজশাহীর ঐতিহ্যবাহী মাদরাসা মাঠে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর জনসভা উপহার দিতে চাই। শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনসভাকে সফল করতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, এনপিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় জোটের রাজশাহী মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে

