রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস রচিত হবে: ব্যারিস্টার নওশাদ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস রচিত হবে: ব্যারিস্টার নওশাদ

কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, ভোট সঠিকভাবে প্রয়োগ করে যদি তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী করা যায়, তাহলে দেশে নতুন ইতিহাস রচিত হবে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও মালিকদের নিয়ে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


সভায় নওশাদ জমির বলেন, এই নির্বাচনকে ছোট করে দেখার সুযোগ নেই বা এটিকে শুধু একটি আসনের নির্বাচন ভাবার কারণও নেই। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ পঞ্চগড়ে আমরা যা করব, তার প্রভাব পড়বে সারা বাংলাদেশে। এমনকি বাংলাদেশে যা ঘটবে, তার প্রভাব আশপাশের দেশসহ বিশ্বেও পড়বে। একটি ভোটের মাধ্যমেই আমরা আগামীর বাংলাদেশ ও আগামীর বিশ্বে পরিবর্তনের ধারাকে একটি নির্দিষ্ট পথে প্রবাহিত করতে পারব।

তিনি বলেন, ৫০ বা ১০০ বছর পরে যারা গবেষণা করবে, তারা দেখবে ২০২৬ সালের বাংলাদেশ কীভাবে তার প্রধানমন্ত্রী নির্বাচন করেছিল। তারা দেখবে, ২০২৬ সালের বাংলাদেশ এমন একজন প্রধানমন্ত্রী নির্বাচন করেছিল, যার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে গিয়েছিল। শহীদ জিয়ার নেতৃত্বে এবং বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ যেমন এগিয়ে গিয়েছিল, তেমনি আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পে নতুন বিপ্লবের পথে এগিয়ে যাবে।

এ সময় তিনি ধানের শীষে ভোট চেয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে পঞ্চগড়-১ আসনে বিভিন্ন শ্রমিক সংগঠনের আওয়ামী লীগের প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী দলটি ছেড়ে বিএনপিতে যোগ দিলে ব্যারিস্টার নওশাদ জমির তাঁদের ফুল দিয়ে বরণ করেন।


বিজ্ঞাপন


এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর