বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরে নিঃসন্তান এক গৃহবধূকে ধর্ষণের অপরাধে মুজা শেখ ওরফে মুজা কবিরাজ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আলী মাসুদ শেখ এ রায় দেন।


বিজ্ঞাপন


এ সময় দণ্ডপ্রাপ্ত মুজা কবিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। মুজা শেখ মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর শেখপাড়ার মৃত হযরত আলীর ছেলে।

মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নিঃসন্তান গৃহবধূ চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হন। আজ সেই মামলায় আদালত যাবজ্জীবন রায় প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে ধর্ষণের প্রভাব সমাজে কমে আসবে।’

মামলার বিবরণীতে জানা যায়, ২০২১ সালে ৩ মার্চ চুয়াডাঙ্গা জেলার এক নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে কবিরাজ মুজা শেখের কাছে চিকিৎসা নিতে আসেন। সে সময় কবিরাজ তাদের একটি রুমে নিয়ে গিয়ে ওষুধ দেওয়ার নাম করে স্বামীকে অজ্ঞান করে স্ত্রীকে ধর্ষণ করে।

ঘটনার পর এই দম্পতি মেহেরপুর সদর থানায় ৩ মার্চ একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শুরু করে ঘটনা সত্যতা পায়। পরে, মেহেরপুর সদর থানার সাবেক অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহা দারা খান ২০২১ সালের ১৯ নভেম্বর কবিরাজ মুজা শেখকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেন। মামলায় সাক্ষ্য শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।


বিজ্ঞাপন


মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মিয়াজান আলী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন আদালতে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর