নোয়াখালীতে পুলিশের ৫৩তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অ্যাডিশনাল আইজিপি মো. আলী হোসেন ফকির।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডিশনাল আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ সদস্যদের আত্মালোচনার আহ্বান জানান। তিনি বলেন, আমরা জনগণের সাথে বিভিন্ন রকমের অজুহাত দেখাই—যে এটা পুলিশের কাজ না, ওইটা পুলিশের না। এই ধরনের অজুহাতের কারণেই জনগণ আমাদের পুরোপুরি বিশ্বাস করতে পারছে না।
তিনি আরও বলেন, আমরা যদি নিজ স্বার্থ বিসর্জন দিয়ে সত্যিকারের অর্থে দেশের সার্বভৌমত্ব রক্ষা, ন্যায়ের বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন বাস্তবায়নের জন্য প্রকৃত জনগণের সেবক হিসেবে কাজ করতে পারি, তবেই দেশের ১৮ কোটি মানুষের দুঃখ-দুর্দশা ও পুলিশের প্রতি জমে থাকা ক্ষোভ দূর হবে।

বিজ্ঞাপন
নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. হায়দার আলী খানের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা নতুন প্রশিক্ষণার্থীদের উদ্দেশে পেশাদারিত্ব বজায় রেখে দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের শপথ নেওয়ার আহ্বান জানান। ৫৩তম ব্যাচের এই মৌলিক প্রশিক্ষণে ৪১৩ নবীন পুলিশ সদস্য অংশগ্রহণ করছে।
প্রতিনিধি/এসএস

